
বিশ্বসাহিত্যের ইতিহাসে প্রথম যে নামটি লেখা আছে, তা কোনো পুরুষ কবি বা দার্শনিকের নয়—এক নারীর। তিনি হলেন এনহেদুয়ানা। খ্রিস্টপূর্ব প্রায় ২২৮৫ সালের দিকে আক্কাদীয় সাম্রাজ্যের এই রাজকন্যা শুধু বিশ্বের প্রথম স্বীকৃত লেখিকা নন, একইসাথে ছিলেন এক শক্তিশালী মহাযাজিকা ও রাজনৈতিক উপদেষ্টা।
কে ছিলেন এনহেদুয়ানা?
প্রত্নতাত্ত্বিক নথি অনুযায়ী, এনহেদুয়ানা ছিলেন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহান সম্রাট সার্গন দ্য গ্রেটের কন্যা। তার নামের সুমেরীয় অর্থ—“স্বর্গীয় অলংকার”। তিনি উর নগরীর চন্দ্রদেব নান্নার প্রধান ধর্মযাজিকা পদে অধিষ্ঠিত ছিলেন—যা সে সময়ে অসাধারণ ক্ষমতাশালী একটি পদ হিসেবে বিবেচিত হতো।
সাহিত্যে অমর অবদান
এনহেদুয়ানার সবচেয়ে বড় কীর্তি হলো, তিনি বিশ্বের প্রথম স্বীকৃত লেখক। তাঁর রচিত “ইনানার স্তবগান” (Inanna Hymns) সাহিত্যের ইতিহাসে এক অমর মাইলফলক। দেবী ইনানার প্রশস্তিতে রচিত এসব কবিতায় তিনি দেবতাদের কেবল ভয়ঙ্কর শক্তিধর হিসেবে নয়, বরং মানবিক আবেগ-অনুভূতিতে ভরপুর সত্তা হিসেবে উপস্থাপন করেছেন।
সাহিত্য: ধর্ম ও রাজনীতির হাতিয়ার
ঐতিহাসিকদের মতে, এনহেদুয়ানার রচনাবলি কেবল ভক্তির প্রকাশই ছিল না, বরং তা ছিল রাজনৈতিক কৌশল। তাঁর লেখার মাধ্যমে সার্গন দ্য গ্রেটের বিশাল সাম্রাজ্যের জনগণকে একীভূত করতে সহায়তা করা হয়েছিল। বিশেষভাবে, সুমেরীয় দেবী ইনানাকে আক্কাদীয় দেবী ইশতারের সাথে একীভূত করে তিনি সাম্রাজ্যব্যাপী এক অভিন্ন ধর্মীয় পরিচয় গড়ে তুলেছিলেন।
নির্বাসন ও প্রত্যাবর্তন
সার্গনের মৃত্যুর পর এক বিদ্রোহের সময় এনহেদুয়ানাকে সাময়িক নির্বাসনে যেতে হয়েছিল। তবে তাঁর ভাগ্নে সম্রাট নারাম-সিন বিদ্রোহ দমন করলে তিনি পুনরায় উরে ফিরে আসেন এবং মহাযাজিকার পদে পুনর্বহাল হন। তাঁর এক স্তোত্রে তিনি এই ফিরে আসাকে দেবী ইনানার অলৌকিক কৃপা বলে বর্ণনা করেছেন।
আধুনিক কালে পুনরাবিষ্কার
হাজার বছর বিস্মৃতির অন্তরালে থাকার পর, ১৯২৭ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ড উলি উরের খননকার্য চালিয়ে এনহেদুয়ানার নামসংবলিত মৃৎফলক আবিষ্কার করেন। এর মাধ্যমে পুনরুজ্জীবিত হয় বিশ্বের প্রথম লেখিকার স্মৃতি।
ইতিহাসে স্থান
এনহেদুয়ানা শুধু প্রথম লেখিকা নন, তিনি প্রথম নারী যিনি একটি পূর্ণাঙ্গ সাহিত্যধারা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর রচনাগুলো প্রায় পাঁচ শতাব্দী ধরে প্রতিলিপি করা হয়। এমনকি এর প্রভাবের ছাপ দেখা যায় হিব্রু বাইবেল ও হোমারের মহাকাব্যের ভেতরেও।
ইতিহাসবিদদের মতে, এনহেদুয়ানা কেবল মেসোপটেমিয়ার নয়, সমগ্র মানবসভ্যতার সাহিত্য ইতিহাসে প্রথম উজ্জ্বল নক্ষত্র।